ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাতে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন।
বুধবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তারেক রহমানের সিলেট সফরের মাধ্যমেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটে পৌঁছে তারেক রহমান গভীর রাতে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।
এ ছাড়া যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সেখান থেকে নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় সমাবেশ শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশ করবেন তিনি। দিনশেষে গভীর রাতে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
মাহদী আমিন জানান, এই সফরকে ঘিরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনকে আগেই লিখিতভাবে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক তরুণ নেতা রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিব।
এদিকে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি একটি নির্বাচনী থিম সং উন্মোচনের ঘোষণা দিয়েছে। মাহদী আমিন জানান, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
