এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে জোরজবরদস্তি এবং প্রশাসনের সহযোগিতায় জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, পুরোনো কায়দায় ভোটারদের কেউ কেউ হুমকি ভয় ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে কোনো লজ্জা নেই। আমরা আসছি ভোট ভিক্ষা চাইতে। চাঁদাবাজি করার চাইতে ভোট ভিক্ষা চাওয়া সম্মানের। যারা এই রাষ্ট্রের বৈধতা দেয়, ট্যাক্স দিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের কাছে মাথা নত করে ভোট ভিক্ষা চাইলে সম্মান বাড়ে। অথচ যুগের পর যুগ এই জনগণকে রাষ্ট্র এবং সরকার, বিভিন্নভাবে অবমূল্যায়ন করেছে। ফ্যাসিবাদ আমলে জনগণের কোনো মূল্যায়ন ছিল না। তারা জনগণের ভোটে নয়, টাকার শক্তিতে নির্বাচিত হতো। প্রশাসনের সহযোগিতায় নির্বাচিত হতো। ডিসি এসপির সহযোগিতা নির্বাচিত হতো।
হাসনাত বলেন, সময় এসেছে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করার। আপনারা নিজে ভোট প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করুন। টাকার বিনিময়ে কারো কাছে ভোট বিক্রি করবেন না। তাহলে দেখবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে। পাশাপাশি রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরাও আপনাদের সেবায় যথাযথ দায়িত্ব পালন করবে। আমরা সামাজিক নিরাপত্তা এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
এ সময় জামায়াত এবং এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
