নির্বাচন কমিশন কারও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “আমরা নির্বাচনের সময় কোনো কর্মকর্তাকে অন্যায় আদেশ বা হুকুম দেবো না। আমাদের নির্দেশনা হবে আইনসম্মত, সেটি আপনারা যথাযথভাবে পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।”
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইউএনওদের উদ্দেশ্যে সিইসি বলেন, “কোনো চাপের কাছে মাথা নত করবেন না। সম্পূর্ণভাবে নিজের বিবেক ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনও অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না। আমরা আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “ন্যায়নিষ্ঠভাবে, নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন। আমাদের দেশের দুরবস্থার অন্যতম কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধার অভাব। যে জাতি যত বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে জাতি তত বেশি সভ্য।”
নাসির উদ্দীন বলেন, “আমরা ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সব স্তরে আইনের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের দায়িত্বে আইনের বাস্তবায়ন নিশ্চিত করবেন।”
ইউএনওদের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “উপজেলা পর্যায়ে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, পুলিশ ও মনিটরিং সেলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে। যেকোনো সংকট হলে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।”
সিইসি আরও বলেন, “অনেক সময় দেখা যায় মোবাইল ম্যাজিস্ট্রেটরা ঘটনাস্থলে পৌঁছান সব শেষ হয়ে যাওয়ার পর। তখন কেন্দ্র দখল হয়ে গেছে, কেউ আর নেই। এমন যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
