লন্ডনে ঈদের জামাতে তারেক রহমান, প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময়

1 Min Read

যুক্তরাজ্যের কিংসটনের কিংসমেডো স্টেডিয়ামে ঈদুল আজহার জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের এই জামাতে অংশ নিতে শত শত প্রবাসী বাংলাদেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন ঐতিহাসিক এই খেলার মাঠে। বৃষ্টিপাত সত্ত্বেও বিপুল সংখ্যক প্রবাসী মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

তারেক রহমানের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দিনসহ দলের আরও অনেক নেতাকর্মী। এছাড়া তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও জামাতে উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে তিনি উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *