যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা দুই বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। এতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। কনস্যুলেট সূত্রে জানা গেছে, তাদের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণ করবেন। পুরো প্রক্রিয়াটি তদারক করছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে বিষয়টি সমন্বয় করা হচ্ছে।
এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে নিহত দুই গবেষকের একাডেমিক অবদান এবং তাদের অকাল মৃত্যুর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সমাবর্তনের মঞ্চে এই স্বীকৃতি তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক স্বীকৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে তদন্তে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নথি অনুযায়ী, তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ ১ মে নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করে পুলিশ এবং পরিবারকে তা জানানো হয়।
