ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ভাষণে তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। তিনি বলেন, এই অকাল মৃত্যুতে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা।
