রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করেছে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি সংগঠন। শনিবার বিকেল ৩টার পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডসংলগ্ন সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশস্থলে থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে স্লোগান দিতে থাকেন।
সারজিস আলম মাইকে বলেন, “আজকের কর্মসূচিতে একটাই বার্তা থাকবে, ভিন্ন কোনো বার্তা বা মাইক থাকবে না। সকলকে একই সুরে কথা বলতে হবে।”
গণজমায়েতকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
