শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ নিহত তিন

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের সঙ্গে একটি শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের বাসিন্দা ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা। অপর নিহত ব্যক্তি একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তারা সবাই ডোবরার একটি জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জুট মিল থেকে শ্রমিক বহনকারী পিকআপটি সোতাশী রেলক্রসিং অতিক্রম করার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা হক জানান, দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে পিকআপ চালকের অসতর্কতাই দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে। ট্রেন আসার পরও তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *