আর্থিক সংকটে জর্জরিত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. মুহাম্মদ আইয়ুব মিয়া। গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক তাকে এ দায়িত্ব প্রদান করে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের সমন্বয়ে সরকারি মালিকানাধীন নতুন ব্যাংকটির সৃষ্টি। সোমবার (১ ডিসেম্বর) লাইসেন্স হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটি তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। লেটার অব ইনটেন্ট পাওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই ব্যাংকটি চূড়ান্ত লাইসেন্স লাভ করে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এলওআই–এর শর্ত পূরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধন সম্পন্ন করেছে। ব্যাংকের নির্ধারিত ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকারের অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
ড. আইয়ুব মিয়া অবসরের আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং ইউনিলিভার বাংলাদেশ, রেকিট অ্যান্ড বেনকিজার, শিল্প ব্যাংক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
