ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইকৃত ব্যক্তি গাজী বোরহান উদ্দিন, যিনি অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে বোরহান উদ্দিনের নামে বিভিন্ন মামলা হয়। প্রকাশ্যেই চলাফেরা করলেও মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে ক্যাম্পে নেওয়া হলে তাঁর ভাই গাজী গিয়াস উদ্দিনসহ অন্তত দুই শতাধিক লোকজন সেখানে জড়ো হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার সময় পথে হামলা চালানো হয় এবং তাঁকে ছিনিয়ে নেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, গ্রেপ্তারের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এমনকি তাঁর হাতে হ্যান্ডকাফও ছিল না।
অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে থানায় নেওয়ার পথে শতাধিক দুষ্কৃতকারী হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
