খুলনায় মিমি খাতুন (২৭) নামের হাইওয়ে পুলিশের এক নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খালিশপুর থানার মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিমি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী। তিনি হাইওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং ঘটনাস্থল ব্যারাকেই থাকতেন।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে সহকর্মীরা তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল রিপোর্টের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্যারাক কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। কক্ষ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও তদন্ত চলছে।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার পর ব্যারাকে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত শেষে মিমির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
