ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ তিনজনের বিরুদ্ধে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকার বেআইনি লেনদেনের অভিযোগে মামলা দায়ের করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বৃহস্পতিবার জানিয়েছেন, মামলাটি শিগগিরই কমিশনের ঢাকা-১ কার্যালয়ে উপপরিচালক মোস্তাফিজুর রহমান করবেন। মামলায় অন্যান্য আসামি হলেন শাহানা হানিফ এবং ব্যবস্থাপক রাজু আহমেদ।
উল্লেখ্য, সাঈদ খোকন ও শাহানা হানিফ প্রয়াত আওয়ামী লীগ নেতা এবং ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের সন্তান।
দুদক জানায়, আসামিরা বিভিন্ন ব্যাংকে হিসাব খোলার সময় নিজের পেশা, আয় ও নাম সম্পর্কে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দিয়েছেন। ব্যবসায়ী পরিচয় ব্যবহার করে তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থ লেনদেনে যুক্ত হয়েছেন।
তাদের অবৈধ লেনদেন বিভিন্ন ব্যাংকের সাতটি হিসাব; সিটি, এক্সিম, প্রিমিয়ার ব্যাংকের সঞ্চয়ী, চলতি ও এসএনডি হিসাব, একাধিক এফডিআর এবং ব্যাংকের নিজস্ব জেনারেল লেজার (জিএল) হিসাব ব্যবহার করে সম্পন্ন হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, শাহানা হানিফ ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক। তাঁর ভাই সাঈদ খোকন পরিচালকের দায়িত্বে আছেন সাঈদ খোকন প্রোপার্টিজে। ব্যবস্থাপক রাজু আহমেদের সহযোগিতায় শাহানা হানিফ ব্যাংকের বিভিন্ন হিসাব ব্যবহার করে, মাত্র বাড়ি ভাড়া থেকে আয় থাকা সত্ত্বেও লেনদেন ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।
