বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে একদিকে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা, অন্যদিকে সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এ কারণে বিভিন্ন দাপ্তরিক আয়োজন ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের অংশগ্রহণ এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের অংশগ্রহণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি খরচ কমানো যায়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের যথাযথভাবে নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
