সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থীর ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ

সাতক্ষীরা প্রতিনিধি :

3 Min Read

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার তাঁর নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলার আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আশাশুনি উপজেলার জন্য এ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং আসন পরিচালক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান মোট ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন।
উন্নয়ন পরিকল্পনার উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কোলন–ঘোলা–কল্যাণপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মাণ। এর মধ্যে বিসি দ্বারা ২.১৯৪ কিলোমিটার উপজেলা সড়ক, ১৫.০৬২ কিলোমিটার ইউনিয়ন সড়ক, এবিসি দ্বারা ১০৪.৮৯০ কিলোমিটার গ্রাম সড়ক, বিবিসি দ্বারা ৩২.০০০ কিলোমিটার এবং ইউনি ব্লক দ্বারা ৩.৭৫০ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া গ্রামীণ সড়কে ৫০টি বক্স কালভার্ট, ১৬০ মিটার ব্রিজ, ২১০ মিটার ইউ-ড্রেন নির্মাণ, ২০২.৯২৪ কিলোমিটার সেফটি ওয়ার্কস ও আরসিসি প্যালিসেডিং কাজ, ৯টি কাঁচাবাজার উন্নয়ন, উপজেলা পরিষদে চারতলা ডরমেটরি ভবন নির্মাণ, নদী ও পুকুরে ২টি ঘাট এবং ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিকল্পনায় আরও অন্তর্ভুক্ত রয়েছে— জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে ১০০টি ড্রেন নির্মাণ, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, আশাশুনি বাজার রক্ষা বাঁধ নির্মাণ, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা স্থাপন, সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী ভবন নির্মাণ এবং থানাকে মডেল থানায় উন্নীত করা।
এছাড়া লবণ সহনশীল জমিতে কৃষিজ পণ্য উৎপাদন, মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, বলাবাড়িয়া, কুড়িবাহুনিয়া ও হরিশখালী এলাকায় স্লুইচগেট নির্মাণ, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রিয়করণ ও নতুন ক্রীড়া ভবন নির্মাণ, প্রেস ক্লাব আধুনিকায়ন, জিমনেশিয়াম নির্মাণ এবং বালিকা বিদ্যালয় সরকারি করণসহ নানা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলাকে কেন্দ্র করেও উন্নয়ন পরিকল্পনার কথা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, খেলাফত মজলিশের সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, জামায়াত নেতা নূরুল আফছার মোর্তজা, অধ্যক্ষ আ. গফফার, অ্যাডভোকেট আ. সোবহান মুকুল, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপু কুমার মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *