সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই।
জুলাই গণহত্যার সময় পুলিশের সর্বোচ্চ পদে থাকা মামুন এদিন আদালতে উপস্থিত ছিলেন। একই দিনে ওই ঘটনার মানবতাবিরোধী অপরাধ মামলায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গঠন করেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য, আগামী ৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
