সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা হেলথ পলিসি ওয়াচ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতেই ডব্লিউএইচও এই পদক্ষেপ নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে শুক্রবার সংস্থার কর্মীদের বিষয়টি জানান। তিনি জানান, একই দিন থেকে পুতুল ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম দায়িত্ব গ্রহণ করবেন।

ড. বোহেম আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।

হেলথ পলিসি ওয়াচ আরও জানায়, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে দুদক দুটি মামলা দায়ের করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

এর আগে গত ১৫ জানুয়ারি দুদক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে এবং ১৯ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়।

সায়মা ওয়াজেদ গত বছরের শেষভাগে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *