সিলেটে নিজ বাড়ির ছাদে হত্যা করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাককে। শুক্রবার সকালে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ, পরে তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ছাদে হাঁটতে গিয়ে আব্দুর রাজ্জাক নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখেন।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে সংঘটিত হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এবং রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সন্দেহে রাখা হয়েছে।
