সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩৪ জন

2 Min Read

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ২৩৪ জন নতুন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগেই রয়েছেন সর্বোচ্চ ১১৯ জন। এছাড়া চট্টগ্রামে ২৯ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন এবং দক্ষিণ সিটিতে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা ও রাজশাহী বিভাগে পাঁচজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন এবং এ রোগে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

মাসভিত্তিক ডেটা অনুযায়ী, জানুয়ারিতে আক্রান্ত হন ১ হাজার ১৬১ জন এবং মারা যান ১০ জন। ফেব্রুয়ারিতে ৩৭৪ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু, মার্চে আক্রান্ত ৩৩৬ জন এবং মৃত্যুহীন মাস ছিল এটি। এপ্রিলে আক্রান্ত হন ৭০১ জন এবং মারা যান সাতজন। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৩ এবং মৃত্যুর সংখ্যা তিন।

গত বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ অনেক কম। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ—আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ২০২২ সালে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয়েছিল ২৮১ জনের। আর ২০২১ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই সচেতনতা এবং দ্রুত প্রতিক্রিয়া জরুরি বলে মত দিয়েছেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *