হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান, দাবিতে অনড় ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি :

3 Min Read

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত হলেই অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন।

প্রায় এক মাস ধরে নিরাপদ আবাসনসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। শনিবারও তারা ক্যাম্পাসে মানববন্ধন করেন। এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের রোববার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।

তবে ওই রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়ে দেন, তারা হলে থেকেই দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের মধ্যে কে-৮১ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নাফিস রাফিদ বলেন, হল খালি করার মাধ্যমে আন্দোলন দমনই কর্তৃপক্ষের উদ্দেশ্য। আমরা হল ছাড়ব না। যদি নতুন বাজেটে অস্থায়ী শেড ও নতুন হল নির্মাণের পরিকল্পনায় হল খালি করতে চায়, তবে তা স্বাগত জানাব। কিন্তু উদ্দেশ্য যদি হয় আন্দোলন থামানো, তাহলে তা প্রত্যাখ্যান করছি।

তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মিথ্যাচার’ করেছেন। চারতলা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে এমন দাবি মিথ্যা। আর কে-৮২ ব্যাচকে প্ররোচিত বলা হলেও আমরা তা প্রত্যাখ্যান করছি।

আরেক শিক্ষার্থী নাজসুব সাকিব বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বা মন্ত্রণালয়ের কেউ এসে আমাদের আবাসনের বাস্তব অবস্থা দেখে যান, তারপর আমরা সিদ্ধান্ত নেব। দাবি মানা না হলে হল ছাড়ব না।

এদিকে কলেজ অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম বলেন, আমার ধারণা, তারা হয়ত কেউ প্ররোচিত হয়ে আন্দোলনে আছে। তবে আমি তাদের অভিভাবক হিসেবে বলছি, তাদের দাবির সঙ্গে আমি একমত। কিন্তু তারা নিজে থেকে কলেজ বন্ধ করতে পারে না। আমরা তাদের মুখোমুখি হতে চাই না, শুধু চাই তারা ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে আসুক।

শনিবার এক জরুরি সভায় অ্যাকাডেমিক কাউন্সিল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির সঙ্গে কাউন্সিল একমত এবং বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে কাজ চলছে। তবে দাবি বাস্তবায়নে সময় প্রয়োজন, যা শিক্ষার্থীরা মেনে নিচ্ছেন না।

ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের চতুর্থ তলাকে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছে। কর্তৃপক্ষ দাবি করছে, বিকল্প আবাসনের ব্যবস্থা করা হলেও শিক্ষার্থীরা তা গ্রহণ করছেন না। তাদের ‘অসহযোগিতার’ কারণে ঝুঁকিপূর্ণ অবস্থানে থেকে যাচ্ছে অনেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন ব্যাচ কে-৮২ তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

এ অবস্থায় রোববার থেকে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

আরও পড়ুন : ঢামেকে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হোস্টেল ছাড়তে নির্দেশ

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *