হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে কমিশনের পক্ষ থেকে এ ব্যাখ্যা দেওয়া হয়।

এর আগে সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি এবং মাঝে মধ্যে দু-একটি সহিংস ঘটনা ঘটে থাকে। তিনি শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো ব্যাখ্যায় বলা হয়, ১৫ ডিসেম্বর সকালে আইএফএস আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সিইসি যে বক্তব্য দেন, তার একটি অংশ প্রসঙ্গচ্যুতভাবে প্রচারিত হয়েছে এ বিষয়টি কমিশনের নজরে এসেছে।

গুলির ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে করছে ইসি, নির্বাচনে শঙ্কা নেই

ইসি জানায়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এর অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি।

ব্যাখ্যায় আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, সিইসির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল এই হামলার ঘটনা আসন্ন নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। একই সঙ্গে কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কমিশন আশা প্রকাশ করে জানায়, এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্য ঘিরে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *