হাদির ওপর হামলা নিয়ে যমুনায় বৈঠক, রাজনৈতিক ঐক্যের প্রতিশ্রুতি

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এ অবস্থান তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও নেতা হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে শক্তিশালী একটি নেটওয়ার্ক কাজ করছে। তার ভাষায়, “এই হামলার লক্ষ্য নির্বাচন বানচাল করা। এটি একটি সিম্বলিক আক্রমণ, যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শক্তি প্রদর্শন করতে চায়।” তিনি জানান, প্রাপ্ত তথ্যে প্রশিক্ষিত শুটার ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যই সবচেয়ে জরুরি। পরস্পরের দোষারোপ থেকে বিরত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, পারস্পরিক দোষারোপ ও বিভাজনের কারণে বিরোধী শক্তিগুলো সুযোগ নিচ্ছে। তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে খাটো করার জন্য সুসংগঠিত প্রচেষ্টা চলছে। মিডিয়া, প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যাতে অভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে উপস্থাপন করা যায়। তিনি বলেন, “আমাদের অনৈক্যই ষড়যন্ত্রকারীদের শক্তি জোগাচ্ছে।”

হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ না হলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর হবে না।

বৈঠকের সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতি পরিহার করতে হবে। নির্বাচনকালীন উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

- Advertisement -

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্বের সুযোগেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। তিনি জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *