হামজার প্রত্যাবর্তন, দেশের মাটিতে প্রথম খেলার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আজ সোমবার (২ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মাও।

বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেলে যান হামজা। হোটেলে কিছুটা বিশ্রামের পর বিকেলে জাতীয় দলের ক্লোজড ডোর অনুশীলনে অংশ নেবেন তিনি। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আজকের অনুশীলন সবার জন্য বন্ধ রেখেছেন।

গত মার্চে ভারতের শিলংয়ে কিরগিজস্তান ‘অলিম্পিক’ দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার। এবার দেশের মাটিতে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে খেলার অপেক্ষায় এই ইংলিশ চ্যাম্পিয়নশিপ অভিজ্ঞ ফুটবলার।

তবে ঠিক কোন ম্যাচে তার মাঠে নামা নিশ্চিত—তা এখনো জানা যায়নি। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচে—এই প্রশ্নে দ্বিধায় আছেন কোচ কাবরেরা। তবে কাবরেরা আগেই জানিয়েছেন, সিঙ্গাপুরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে কিছুটা খেলার অভিজ্ঞতা দিতে চান তিনি।

এদিকে, ৩১ মে থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে হামজা খুব দ্রুতই যুক্ত হবেন। ইতোমধ্যে ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলাম ক্যাম্পে যোগ দিয়েছেন এবং প্রথম দিন থেকেই দলের সঙ্গে রয়েছেন। কানাডাপ্রবাসী ফরোয়ার্ড সমিত সোম দেশে আসবেন মঙ্গলবার।

বাংলাদেশের সামনে এখন বাছাইয়ের ‘সি’ গ্রুপে গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচ। ভারত, হংকং ও বাংলাদেশের মতোই সিঙ্গাপুরেরও ১ পয়েন্ট। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপে এগিয়ে যাওয়ার লক্ষ্য কোচ ও খেলোয়াড়দের কণ্ঠে সমানভাবে প্রতিধ্বনিত হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *