৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :

1 Min Read
ছবি : বিএনপি ফেসবুক পেজ

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপুকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত পাঁচ প্রশাসক শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসকরা নিজ নিজ সিটি করপোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নগর সেবা আরও উন্নত করার বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা গ্রহণ করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *