জামায়াতে ইসলাম ইসলাম নয়, জামা-কাপড়ে ইসলাম : বিএনপি নেতা ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জামায়াতে ইসলামের আমিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিত সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, আপনি সিলেটের মানুষ। সিলেটে ১৯টি আসন আছে বলুন তো কোন আসনে দাঁড়াবেন? আমি আমার দল থেকে সেই আসনেই প্রার্থী হবো। ১৯টির মধ্যে অন্তত একটি আসনে যদি জয় পান, তখন ভাববো আপনারা সত্যিই শক্তিশালী।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, বরং বলে এটি ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভারত এতে উসকানি দিয়েছে। তারা এমনও দাবি করেছে, এ দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। যেদিন পত্রিকায় পড়লাম তারা বলছে মুক্তিযোদ্ধারা আসলে হিন্দু বা ভারত থেকে আসা লোকজন, সেদিনই আমি ঘোষণা দিয়েছিলাম আলবদর-রাজাকারের বংশধরদের বিরুদ্ধে আজীবন লড়ব।

তিনি আরও বলেন, আমি ধর্মবিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি একজন মুসলমান, ধর্মকর্ম করি। কিন্তু জামায়াতে ইসলাম ইসলাম নয় ওটা জামা-কাপড়ে ইসলাম। মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীদের আমি ছাড়ব না।

আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি জানান, ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হতে চান। দল আমাকে তিন মাসের জন্য স্থগিত করেছে, আমি তা মেনে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক চাই। জনগণের কাছে আমার অনুরোধ, দলের কাছে আপনারা দুটি দাবি তুলুন, একটা হলো ফজলুর রহমানকে প্রার্থী করা, আরেকটা হলো ধানের শীষ মার্কা দেওয়া।

নিজেকে নিয়ে ‘ফজু পাগলা’ সমালোচনার জবাবে তিনি বলেন, আমাকে রাজাকাররা পাগল বলে চালাতে চায়। শুধু আলবদর-রাজাকারের বংশধর ছাড়া কেউ আমাকে ফজু পাগলা বলে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম। কয়েক হাজার মানুষ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার উপস্থিত ছিলেন এই গণসংবর্ধনায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *