ময়মনসিংহের ভালুকার ভরাডোবায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার দুপুরে ময়মনসিংহগামী আয়ান রায়ান পরিবহনের সঙ্গে ঢাকামুখী শ্যামলী বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ট্রাফিক আইন বাস্তবায়নে ব্যর্থতার কারণে মহাসড়কে প্রতিনিয়ত নৈরাজ্য বাড়ছে। তারা বলেন, চালকরা বেপরোয়া প্রতিযোগিতায় লিপ্ত থাকলেও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
নিরাপদ সড়ক আন্দোলন, ময়মনসিংহ জেলা এক বিবৃতিতে জানিয়েছে, বেপরোয়া চালনা, দায়িত্বহীনতা এবং সড়ক ব্যবস্থার শৃঙ্খলাহীনতাই এসব দুর্ঘটনার মূল কারণ। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।
