দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পৌঁছাল

যশোর প্রতিনিধি :

1 Min Read
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এ চালান আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

বাংলাদেশ সরকার এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে সর্বমোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে ৪০ টন রপ্তানির অনুমতি পেয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *