বিশ্বের দুই পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ এর মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর আগে চুক্তির শর্ত স্বেচ্ছায় আরও এক বছর মানার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে শর্ত হলো, যুক্তরাষ্ট্রকেও একই পদক্ষেপ নিতে হবে। খবর রয়টার্স।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, রাশিয়া প্রস্তুত রয়েছে, নিউ স্টার্ট চুক্তির আওতায় নির্ধারিত পরমাণু অস্ত্র সীমা আরও এক বছরের জন্য স্বেচ্ছায় মেনে চলতে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পুতিনের প্রস্তাবকে “ইতিবাচক পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন।
তবে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ১,৫৫০টির মধ্যে এবং ডেলিভারি সিস্টেম (মিসাইল, সাবমেরিন, বোমারু বিমান) ৭০০টির মধ্যে সীমিত রাখবে।
চুক্তিটি সর্বোচ্চ একবার, পাঁচ বছরের জন্য বাড়ানো সম্ভব ছিল। সেই মেয়াদ ২০২১ সালে পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমঝোতায় শেষ হয়। ফলে আনুষ্ঠানিকভাবে আর বাড়ানোর সুযোগ নেই।
এ কারণেই পুতিন এবার দিয়েছেন অনানুষ্ঠানিকভাবে “এক বছরের রোলওভার” প্রস্তাব।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, চুক্তিটি পুরোপুরি শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আবারও অস্ত্র মজুদের প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে পারে, যা নতুন বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করবে।
এদিকে, এমন সময়ে এ প্রস্তাব এল যখন ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাচ্ছে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে।
