২৪ ঘণ্টার মধ্যে শেষ হচ্ছে ১২ দিনের যুদ্ধ, ট্রাম্পের ঘোষণা

2 Min Read

মধ্যপ্রাচ্যে টানা ১২ দিনের উত্তপ্ত যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দুই দেশ একটি ‘সম্পূর্ণ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হতে পারত, এমনকি গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি, এবং আর কখনো হবে না।

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হবে দুই পক্ষ যখন তাদের চলমান ‘শেষ সামরিক মিশন’ সম্পন্ন করবে। তার ভাষায়, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এর ১২ ঘণ্টা পর ইসরায়েলও তাদের অভিযান থামাবে। তিনি আরও বলেন, “প্রতিটি পক্ষ যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে।

এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ধীরে ধীরে পুনরায় উন্মুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে গত কয়েকদিন ধরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছিল। এতে বাংলাদেশসহ বহু দেশের হাজার হাজার যাত্রী আটকা পড়ে।

এই যুদ্ধ শুরু হয়েছিল ১৩ জুন, যখন ইসরায়েল দাবি করে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে তেহরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করা যায়।

এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রায় ১০০ ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়ে দেয়। সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ২৩ জুন ইরান কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে হামলা চালায়। যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং ইরান ও ইসরায়েল উভয়কেই ‘ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার’ জন্য অভিনন্দন জানান।

বিশ্বব্যাপী বিভিন্ন নেতারাও যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছেন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *