তারাকান্দায় বৃদ্ধ ফকিরের দাড়ি-চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দকে ধরে জোরপূর্বক চুল-দাড়ি কেটে দেওয়ার আলোচিত ঘটনার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে চলতি বছরের ৫ জুন। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, শনিবার দুপুরে ভুক্তভোগী ও তার পরিবার থানায় এসে আবেদন করলে যাচাই শেষে মামলা রুজু করা হয়। প্রসঙ্গত, কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে কিছু লোক ফকির হালিম উদ্দিনকে জোর করে ধরে তার চুল-দাড়ি কেটে দেয়।

প্রতিরোধের চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। অসহায়ের মতো তখন তিনি বলতে থাকেন “আল্লাহ, তুই দেহিস।” ঘটনার পর হালিম উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজেকে প্রায় ঘরবন্দি করে রাখেন।

সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

ভুক্তভোগী জানান, চা-নাশতার জন্য জোরাজুরি করা হলেও তিনি রাজি না হওয়ায় তাকে বাইরে এনে এ অমানবিক কাজ করা হয়। এতে তিনি সামাজিকভাবে হেয় হয়েছেন এবং শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনাকে মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয়। মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো সভ্য সমাজে এ ধরনের জোর-জুলুম সহ্য করা যায় না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *