‘জাতীয় ঐক্যই মুজিববাদ মোকাবিলার পথ’ বিবৃতিতে এনসিপি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচারের দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনে এনসিপি গঠনমূলক ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র জারি এবং ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন মত ও পক্ষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও একটি পক্ষ দলীয় ও জনগণের ইতিহাসবিরোধী স্লোগান দিয়েছে, যা জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনাকে ব্যাহত করেছে।

তিনি দাবি করেন, এনসিপির কোনো সদস্য এমন স্লোগান দেয়নি। বরং দলটির পক্ষ থেকে যেসব বক্তব্য ও স্লোগান এসেছে, সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের সংগ্রামের প্রতিফলন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন নিয়ে আপত্তি উঠলেও আন্দোলনকারীরা জাতীয় সংগীত দৃঢ়তার সঙ্গে গেয়েছেন, যা প্রশংসনীয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানই রাজনীতির মৌলিক ভিত্তি হওয়া উচিত। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জাতির সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

এনসিপি মনে করে, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের অবশ্যই বাংলাদেশপন্থী অবস্থান বজায় রাখতে হবে। অতীতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে অনেক দলের অবস্থান ও আদর্শের কারণে। এখন সময় এসেছে সেই বিভাজন ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে অগ্রসর হওয়ার।

সালেহ উদ্দিন সিফাত বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব। গণতান্ত্রিক রূপান্তর এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সকল পক্ষের দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণ জরুরি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *