আন্দোলনের মুখে এনবিআর বিভাজন থেকে সরে এলো সরকার

2 Min Read

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগে ভাগ করার প্রস্তাবিত পদক্ষেপ থেকে আপাতত সরে এসেছে সরকার। চলমান আন্দোলন ও প্রশাসনিক জটিলতার কথা বিবেচনায় নিয়ে অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধন না হওয়া পর্যন্ত বর্তমান কাঠামোতেই এনবিআরের কার্যক্রম চলবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য নতুন দুটি বিভাগের সাংগঠনিক কাঠামো প্রণয়ন, পদ সৃষ্টি, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক অনুবিভাগের অনুমোদনসহ নানা প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন, যা সময়সাপেক্ষ। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই অধ্যাদেশে সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১২ মে রাতে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ নামে একটি অধ্যাদেশ জারি করে, যাতে এনবিআর বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ গঠনের বিধান রাখা হয়। যদিও অধ্যাদেশে কার্যকারিতার সময় পরে প্রজ্ঞাপন দিয়ে নির্ধারণ করার কথা বলা হয়েছিল, ফলে তা এখনো কার্যকর হয়নি।

অন্যদিকে, এই অধ্যাদেশের বিরোধিতা করে এনবিআরের আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে ১২ দিন ধরে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, এই অধ্যাদেশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং এটি বাস্তবায়িত হলে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হবে।

সরকারের সর্বশেষ অবস্থানের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত হবে কি না, সে বিষয়ে ঐক্য পরিষদ জানিয়েছে, তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানাবে। এর আগে বৃহস্পতিবারই তারা প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি জমা দিয়েছেন।

এনবিআরের ভবিষ্যৎ কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার সংস্কারে এ অধ্যাদেশ গুরুত্বপূর্ণ হলেও কর্মকর্তাদের অসন্তোষ ও প্রশাসনিক প্রস্তুতির ঘাটতিতে তা আপাতত স্থগিতের পথে গেল সরকার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *