যশোরে বিএনপি নেতা তরিকুলকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভাপতি তরিকুল ইসলাম সরদার, ছবি - সংগৃহীত।

জাতীয়তাবাদী কৃষক দলের যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৭টার দিকে ডহর মশিয়াহাটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়দের ধারণা, মাছের ঘের নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত তরিকুল ইসলাম তার অংশীদারদের সঙ্গে মাছের ঘের ব্যবসা করতেন। ওইদিন পিন্টু বিশ্বাস নামে এক অংশীদার ডিড করে দেওয়ার কথা বলে তাকে ঘেরের কাছে ডেকে নেন। তরিকুল সঙ্গে করে মিষ্টিও নিয়ে যান। তার সহকারী সুমনও সঙ্গে ছিলেন।

সুমনের ভাষ্য অনুযায়ী, কথাবার্তার একপর্যায়ে পিন্টু বিশ্বাসসহ ছয়জন তাকে এক কিলোমিটার দূরে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানেই তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সুমন কোনওভাবে পালিয়ে প্রাণে বাঁচেন।

স্থানীয়রা জানান, তরিকুলের মাথায় তিনটি গুলি করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়। এরপর ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের স্থানটি ছিল অভিযুক্ত পিন্টু বিশ্বাসের বাড়ি।

ঘটনার সময় আশপাশে মাত্র কয়েকটি বাড়ি থাকায় এলাকায় লোকজন খুব একটা ছিল না। ঘটনাস্থল থেকে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। একটি বিশ্বজিৎ বিশ্বাসের এবং অপরটি ধীরেশ্বর বিশ্বাসের স্ত্রী দুর্গা রাণী বিশ্বাসের, যিনি পিন্টু বিশ্বাসের মা বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা পিন্টুর মালিকানাধীন ঘেরের কয়েকটি টংঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, ইতোমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *