বিএসএফের পুশইন ১৫৩ বাংলাদেশিকে আটক করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ১৫৩ বাংলাদেশিকে পুশইন করেছে। রোববার (২৫ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের তথ্যমতে, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার নাগরিক। তাদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশু।

বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী ও ১৪ জন শিশু রয়েছেন। বিজিবি জানায়, ভোরে নয়াগ্রাম বিওপি এলাকায় দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত বিলাঞ্চলে কাঁটাতারের বাইরে শূন্যরেখায় তাদের ফেলে যায় বিএসএফ। এরপর বিজিবির টহল দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুপুরে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ৭৯ জন এবং পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি এই দুই দলের সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিয়ানীবাজার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, “পুশইন হওয়া ১৫৩ জনের সবাই বাংলাদেশি নাগরিক। তারা শূন্যরেখার কাছে ছেড়ে যাওয়া ব্যক্তিরা, যাদের বিজিবি উদ্ধার করে আটক করে। যাচাই-বাছাই শেষে স্থানীয় থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *