হাইকোর্টে খালাস পেলেন তারেক ও জুবাইদা, শেষ হলো সব সাজা

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফাইল ছবি।

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে সব দুর্নীতির মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান।

এর আগে গত সোমবার শুনানি শেষে আদালত আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। আর আপিলকারীদের পক্ষে ছিলেন আইনজীবীরা এস এম শাহজাহান, কায়সার কামাল এবং জাকির হোসেন ভূঁইয়া।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী এস এম শাহজাহান বলেন, “যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে, সেগুলো বৈধ উৎস থেকেই এসেছে। একটি টাকাও জ্ঞাত আয়বহির্ভূত নয়, কোনো সম্পদ দেশের বাইরেও নেই।”


তিনি আরও জানান, সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ম মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। তেমনই গুলশানের বাড়িটিও রাষ্ট্রীয়ভাবে ৩৩ টাকার মূল্যে বরাদ্দ পাওয়া। “এসব সম্পত্তিকে অবৈধ সম্পদ হিসেবে মামলায় উপস্থাপন করে সাজা দেওয়া হয়েছিল, যা বিচার নয়, এক ধরনের প্রহসন,” বলেন শাহজাহান।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানায় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন।

রায়ে দুদক আইনের ২৬ (২) ধারায় তারেক রহমানকে তিন বছর এবং ২৭ (১) ধারায় ছয় বছর কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ডা. জুবাইদা রহমানকে ২৭ (১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সরকারের নির্বাহী আদেশে তার এক বছরের সাজা স্থগিত করা হয়।

২০২3 সালের সাজা ঘোষণার পর, চলতি বছরের ১৩ মে ডা. জুবাইদা রহমান হাইকোর্টে আপিল দাখিল করেন। ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার পর আদালত তা গ্রহণ করে এবং ১৪ মে শুনানির জন্য নির্ধারণ করে। সেই শুনানিতে জামিন ও জরিমানা স্থগিত করে হাইকোর্ট।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর, ২০২৫ সালের ৬ মে দেশে ফেরেন তিনি, শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *