সাবেক সিইসি হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদনে আংশিক অনুমোদন দিয়ে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার সাবেক সিইসিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, কাজী হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী এমিল হাসান রোমেল জামিনের আবেদন করেন এবং রিমান্ডের বিরোধিতা করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে পুলিশ। আর মামলার আরেক আসামি, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোট ছাড়াই ফলাফল ঘোষণার মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তৎকালীন সরকার ও নির্বাচন কমিশন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *