বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। সোমবার (৩০ জুন) তিনি সস্ত্রীক রিকশা চালিয়ে ব্যতিক্রমীভাবে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাবাসীকে।
জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে ও মাথায় গামছা বেঁধে রিকশা চালাচ্ছেন। তার পাশে বসে রয়েছেন তার স্ত্রী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটালাম। এখন ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ বার্লিনে পৌঁছে যাবো।”
বিদায়ের আগে রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত অখিম ট্রস্টার ২০২১ সালে ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। তার বিদায়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
