টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক নেয়ায় প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি :

2 Min Read

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় স্থানীয় একটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় এলাকা।

মানববন্ধনে বক্তব্য দেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ, সজিব আহমেদসহ অনেকে।

বক্তারা জানান, গত ২৯ জুলাই শহরের নিরালা মোড়ে এনসিপির পদযাত্রায় অংশ নিতে ক্লাস চলাকালে পার্টির নেতারা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। তারা শিক্ষক-প্রশাসনের অনুমতি না নিয়েই শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যেতে জোর করেন। এ সময় শিক্ষকরা বাধা দিলে এনসিপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল ছুটি দেওয়া হয়।

বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগ প্রসঙ্গে এনসিপির টাঙ্গাইল জেলা প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, শিক্ষার্থীদের এমন অবস্থানে আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের কোনো অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের চেষ্টা করা হবে না।

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, সকাল ১১টার দিকে এনসিপির কয়েকজন নেতা এসে পদযাত্রায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুরোধ জানায়। আমি সাফ জানিয়ে দেই ক্লাস চলাকালে সেটা সম্ভব নয়। তবে ১১টা ৪৫ মিনিটে ছুটি দেওয়ার পর কেউ গেছে কি না, তা আমার জানা নেই।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির পদযাত্রা শহরের শামছুল হক তোরণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে সমাবেশে মিলিত হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *