আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম রণস্থল বাইনটেকি গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ছাড়াও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি শিমুলিয়া যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
