বরিশালে যৌতুকের দাবিকে কেন্দ্র করে তানহা তাবাচ্চুম তিনথী (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভাটিখানার গাউয়াসার জোড় মসজিদ এলাকার মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. জাফর ইকবাল একই রাতে কাউনিয়া থানায় স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী সোয়েব মাহামুদ (৩৫), শাশুড়ি সেলিনা পারভিন (৬০), ননদ রেনু বেগম (২৫)সহ আরও দুইজনকে। এরা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালে শরীয়ত মোতাবেক তানহার বিয়ে হয় সোয়েব মাহামুদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও ননদ মিলে ১০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা না পেয়ে তারা নিয়মিত তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
ঘটনার দিনও যৌতুকের দাবিতে তানহাকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
নিহতের বাবা জাফর ইকবাল বলেন, বিয়ের পর থেকেই প্রতিদিন আমার মেয়েকে নির্যাতন করা হতো। ঘটনার দিনও তিনবার মারধর করে অবশেষে হত্যা করেছে আমার মেয়ে জামাই ও তার পরিবার। আমি এ হত্যার কঠিন বিচার চাই।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। স্বামী সোয়েব মাহামুদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে আসামি সোয়েব মাহামুদের ছোট ভাই সায়েম প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দেন।
অন্যদিকে নিহতের স্বজনরা দ্রুততম সময়ে জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
