সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে ও অটোরিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে ও অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সিএনজিচালক সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ত। মা মেয়ে শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালক ও মা–মেয়ে। পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে এবং পিকআপভ্যানচালক পারভেজ আহমেদ (৩৫)কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *