তৃণমূল পর্যায়ের ফুটবলে উল্লেখযোগ্য উন্নতির স্বীকৃতি হিসেবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এবারের এএফসি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ব্রোঞ্জ ক্যাটাগরিতে বাফুফে সেরা হয়েছে, পিছনে ফেলেছে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে।
এএফসির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন বৃদ্ধি, যুব একাডেমির সঙ্গে নিবিড়ভাবে কাজ করা, শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন এবং ফুটবলের প্রতি জনগণের আগ্রহ জাগিয়ে তোলায় বাফুফে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। এজন্যই সংস্থাটি এ বছরের ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে। সাধারণত এই স্বীকৃতি প্রদান করা হয় এএফসি সভাপতির পক্ষ থেকে।
গত এক বছরে তৃণমূল পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন এবং খেলোয়াড়দের অংশগ্রহণ দুই ক্ষেত্রেই বড় অগ্রগতি দেখিয়েছে বাফুফে। এএফসির তথ্যমতে, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাফুফে আয়োজন করেছে ২৪টি টুর্নামেন্ট, যেখানে আগের বছর সংখ্যা ছিল মাত্র ১৩টি। অংশগ্রহণকারীর সংখ্যাও প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে ৩০ হাজারের বেশি হয়েছে।
এএফসি আরও জানায়, পার্বত্য অঞ্চলের নারীদের ফুটবলে সম্পৃক্তকরণ, অ্যাম্পিউটি ফুটবল এশিয়া চ্যাম্পিয়নশিপ, প্রবীণ ফুটবল উৎসব এবং স্ট্রিট চিলড্রেন উৎসবের মতো উদ্যোগের মাধ্যমে বাফুফে শিক্ষা, শিশু সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়েছে। এসব আয়োজনের মূল লক্ষ্য ছিল সমাজের সব শ্রেণির মানুষকে ফুটবলের সঙ্গে যুক্ত করা।
তৃণমূল ফুটবলে গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল ফেডারেশন, আর সিলভার ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে মালয়েশিয়া ফুটবল ফেডারেশন।
