১৭ অক্টোবর ২০২৫ তারিখে গাইবান্ধায় অনুষ্ঠিত হয় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী সমিতির প্রাদেশিক সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহাবুব শরীফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক কেন্দ্রীয় আহ্বায়ক (সভাপতি) মো. সোহেল। এছাড়া টাঙ্গাইল, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, রংপুর ও বগুড়াসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও পরিবার কল্যাণ সহকারী সমিতির জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সোহেল। তিনি বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন, এফপিআই-এর গ্রেড আপগ্রেড ও সিলেকশন গ্রেড প্রদান এখন সময়ের দাবি।”
তিনি আরও জানান, সংগঠনের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই এটি নিবন্ধিত হবে বলে আশা করা যাচ্ছে। এসময় তিনি Uni Apro Global–কে সমিতির পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
নিয়োগবিধিকে একজন কর্মচারীর মৌলিক অধিকার উল্লেখ করে সোহেল বলেন, “বছরের পর বছর আমরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, যা অত্যন্ত অমানবিক।” সভায় নিয়োগবিধি সংক্রান্ত মামলার বর্তমান অবস্থা, আদালতের দেওয়া চার মাসের নিষেধাজ্ঞা এবং তা মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—আব্দুল কাদের, নাসির, স্বাধীন রানা, কামাল, ইমরুল ও এনামুল। তারা সবাই দ্রুত গ্রেড উন্নয়ন এবং দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির আহ্বায়ক মুক্তা পারভীন তাঁর বক্তব্যে বলেন, “দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলন ছাড়া অধিকার আদায় সম্ভব নয়।” তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং Uni Apro Global–কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভাপতি মো. মাহাবুব শরীফ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের ছায়াতলে থেকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
