নভেম্বরে গণভোটের দাবি জামায়াতে ইসলামী’র

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জুলাই সনদ বাস্তবায়নে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবি জানান দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের জন্য আমরা সরকারকে জানিয়েছি। আমরা চাই এটি অধ্যাদেশ নয়, আদেশ আকারে জারি করা হোক, কারণ অধ্যাদেশ দুর্বল আইনি কাঠামো।”

ডা. তাহের আরও বলেন, “গণভোটের মাধ্যমে রিফর্ম কমিটি গঠিত হবে, আর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হবে। বিএনপি শুরুতে গণভোটে দ্বিমত করলেও এখন সম্মত হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ।”

বিএনপির অবস্থান নিয়ে তিনি মন্তব্য করেন, “বিএনপি এখন জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে চায়, কিন্তু আমরা মনে করি—এ দুটি প্রক্রিয়া আলাদা।”

এর আগে সন্ধ্যা ৬টার কিছু পর জামায়াতে ইসলামী’র চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. তাহের। অন্যান্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এবং মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজন এবং সনদ বাস্তবায়নের জন্য ‘এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট’ জারির প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলে জানান ডা. তাহের।

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি—কিছু উপদেষ্টা তাকে বিভ্রান্ত করছেন এবং একটি দলের স্বার্থে কাজ করছেন বলে আমাদের ধারণা। আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রাখি, তবে তাকে এই বিষয়ে সতর্ক থাকতে বলেছি।”

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো দাবি তোলা হয়নি জানিয়ে তিনি বলেন, “এই বিষয়ে এখনো সুপ্রিম কোর্টে শুনানি চলছে। রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”

- Advertisement -

প্রশাসনে রদবদলের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন। প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্যশীল—এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *