সরকার ও প্রশাসনে থাকা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে একটি রাজনৈতিক দলের অনুগতভাবে গড়ে তোলা হয়েছে। ফলে তিনটি নির্বাচনে ভোটাররা প্রহসনের শিকার হয়েছেন। তাই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে যেন বিতর্কিত কর্মকর্তারা কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত না হতে পারেন। জনগণের আস্থা পুনরুদ্ধারে কমিশনকে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
বিএনপি মনে করে, অতীতের অভিজ্ঞতা উপেক্ষা করে নতুন করে পুরো প্রশাসন পরিবর্তন করা সম্ভব নয়। তাই যারা অতীতে চাপ বা ভয়ের কারণে অন্যায় করেছেন, তাদের এবার গণতান্ত্রিকভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করা উচিত, বলেন মঈন খান।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য দলীয় বা ব্যক্তিগত নয়—জাতীয় স্বার্থ। ১৭ বছরের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে যে পরিবর্তনের সূচনা হয়েছে, আমরা চাই তার ধারাবাহিকতায় ১৮ কোটি মানুষ যেন সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে বাস করতে পারে, সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারে এবং ১২ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে।
সকালে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান। সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
