বিডিনিউজ টোয়েন্টিফোরের ১৯ বছর: গণমাধ্যমের ডিজিটাল বিবর্তনের প্রতীক

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আজ ১৯ বছরে পদার্পণ করেছে। দেশের ডিজিটাল সাংবাদিকতায় পথিকৃৎ এই সংবাদমাধ্যমটি গত দুই দশকের কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত করেছে নির্ভরযোগ্য অনলাইন সংবাদ পরিবেশনের এক নতুন মানদণ্ড। ১৯ বছরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর এখন কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং ডিজিটাল যুগে সংবাদ–সচেতন সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

২০০৬ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা বিডিনিউজ টোয়েন্টিফোর শুধু অনলাইন সংবাদ মাধ্যম হিসেবেই নয়, বরং দেশের গণমাধ্যম ইতিহাসে একটি রূপান্তরমূলক অধ্যায় হিসেবে বিবেচিত। প্রথাগত সংবাদপত্রনির্ভর যুগে তারা সংবাদ পরিবেশনের ডিজিটাল ধারায় পথ দেখায় এবং পরে অনলাইন সাংবাদিকতাকে মূলধারায় নিয়ে আসে।

প্রযুক্তি ও তথ্যপ্রবাহের দ্রুত পরিবর্তনের এই সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর তাদের সংবাদ পরিবেশনে বিশ্বস্ততা, নিরপেক্ষতা ও গতির সমন্বয় বজায় রেখে পাঠকের আস্থা অর্জন করেছে। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং আদালত–সংক্রান্ত সংবাদের ক্ষেত্রে তাদের অনুসন্ধানী কাজ প্রশংসিত হয়েছে।

নিউজনেক্সট সম্পাদক নজরুল ইসলাম বিডিনিউজের বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তায় বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমের ডিজিটাল বিবর্তনের প্রতীক। তাঁরা তথ্যের সত্যতা ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় আপসহীন। বছরজুড়ে তারা সাংবাদিকদের প্রশিক্ষণ, ডেটা সাংবাদিকতা, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও ফ্যাক্টচেকিংয়ে নতুন উদ্যোগ নেয়, যা দেশের তরুণ সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও পেশাদার শিক্ষাগার তৈরি করেছে।

উল্লেখ্য, ঊনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী রাজধানীর একটি হোটেলে কেক কাটেন রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চিন্তক ও কলামিস্ট ফরহাদ মাজহার এবং অভিনেত্রী ডলি জহুর।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *