সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ধ্বংসাবশেষে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আকাশপথে প্রবেশ করা একটি ড্রোনকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানো হলে সেটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায় এবং সেটি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কর্মরত এক বাংলাদেশি শ্রমিকের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‘ইউএই লেবার্স’ নামের একটি সংগঠন জানায়, ড্রোনটি খামারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে আঘাত করা হয়। পরে এর ভগ্নাংশ নিচে পড়ে ওই শ্রমিককে আঘাত করে, যা প্রাণঘাতী হয়ে ওঠে।
সংগঠনটি আরও উল্লেখ করে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও ধ্বংসাবশেষের কারণে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে কর্তৃপক্ষ নাগরিকদের সঠিক তথ্যের জন্য কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন বলে জানানো হয়েছে। ঘটনাটির বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও প্রতিবেদন প্রকাশ করেছে।
