চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সজল মাহমুদ, রাজশাহী :

2 Min Read

চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতোমধ্যে নিষিদ্ধ। কিন্তু এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল-বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে। তারা অভিযোগ করেন, এই জালের কারণে শুধু মাছই নয়, জলজ বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি ও জলজ উদ্ভিদও হুমকির মুখে পড়েছে। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারসহ চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জেলেরা বলেন, “চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।”

পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলেবন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, সভাপতি, গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতি রাজশাহী, মাহবুব সিদ্দিকী, আহ্বায়ক, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী, শহিদুল ইসলাম, গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী, বরেন্দ্র অঞ্চল রাজশাহী রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) প্রমুখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *