বাংলাদেশ নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন পরিষ্কার আমরা নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছি। নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কেবল সহায়তার ভূমিকা পালন করবে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একসময় পদ্মা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ত, কিন্তু এখন তা ক্রমে দক্ষিণে সরে এসে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে দেশের সবচেয়ে বেশি ইলিশ মেলে ভোলায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। আমাদের মূল লক্ষ্য প্রান্তিক জনগণের কল্যাণে কাজ করা, এবং আমরা সে লক্ষ্যেই কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন।
পরে বিকেল ৪টার দিকে উপদেষ্টা চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।
