চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় বেপরোয়া গুলিবর্ষণও হয়।
নিহত সাজ্জাদ তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। স্থানীয়দের ভাষ্য, তিনি চট্টগ্রাম সিটি মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
স্থানীয় সূত্র জানায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধ তৈরি হয়। সৈয়দ শাহ রোডে মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান। রাতের দিকে বাদশার অনুসারীরা সেটি নামাতে গেলে দুই পক্ষের মধ্যে বাধা ও তর্কাতর্কি থেকে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় গুলিবিদ্ধ হন অন্তত ৮–১০ জন। তাদের মধ্যে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দখল ও চাঁদাবাজির অভিযোগে কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নিহত সাজ্জাদের বড় ভাই ইমরান জানান, রাত ২টার দিকে আমার মার মোবাইলে ফোন আসে হাসপাতালে যেতে বলা হয়। আমরা গিয়ে দেখি সাজ্জাদ মারা গেছে। আমি বাসায় ছিলাম না, সে কখন বের হয়েছিল মা জানেন। কিন্তু মা এখন খুব অসুস্থ, কিছুই বলতে পারছেন না।
