রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের পর পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানার তামান্না পার্ক সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আযম গণমাধ্যমকে জানান, কিরণমালা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের একটি বাসে অগ্নিসংযোগ করা হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দেন। ‘পালানোর সময় দুইজনের একজন তুরাগ নদে পড়ে মারা যান এবং আরেকজনকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে,’ বলেন তিনি। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের হাতে আটক ব্যক্তির নাম রুদ্র মুহাম্মদ (২০) । তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুইজন দুর্বৃত্ত হঠাৎ করে পার্কিং করা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা ধাওয়া দিলে একজন নদীতে ঝাঁপ দেয় এবং পরে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির অভ্যন্তরের আসন ও জানালার কাচ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো নাশকতা বা পরিকল্পিত হামলার ইঙ্গিত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
